মাহির হাতে ছিল একটি বয়াম। চেয়ারে বসে মনের আনন্দে তিনি বরইয়ের আচার খেয়েই যাচ্ছেন। সামনে বসে আছেন বাস্তবের স্বামী অপু। গতকাল মাহির সিনেমার শুটিং দেখতে আসেন তিনি।
মাহি বলেন, ‘আজ সকালেই সিলেট থেকে এসেছে ও। সাধারণত ঢাকায় থাকলে বাসায় একা না রেখে ওকে আমার সঙ্গে শুটিংয়ে নিয়ে আসি। কাল (আজ) বাংলা নববর্ষ। ইচ্ছা আছে সিলেট যাওয়ার। আর যদি সিলেট না যাই, তাহলে সিলেটের সবাইকে ঢাকায় নিয়ে আসবে। নতুন বছরের প্রথম দিনটা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে থাকতে চাই।’
একটু দূরে দেখা গেল চিত্রনায়ক ফেরদৌসকে। লাঠি হাতে এদিক-সেদিক পায়চারি করছেন। বললেন, ‘মাহিকে মারব (হাসি)। আরে নাহ্। বিষয়টা হচ্ছে, এখন আমরা এমন একটি দৃশ্যের শুটিং করব, যার কারণে লাঠির দরকার পড়ছে। এর বেশি কিছু আপাতত প্রকাশ করতে চাই না।’
নববর্ষে কী করবেন? ফেরদৌস বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেব। এর মধ্যে দুটি হবে আমি যেখানে থাকি সেই এলাকায়। পরিবারের সবার জন্য নতুন বছরের কাপড় কেনাও হয়েছে। স্ত্রী ও মেয়েদের নিয়ে রাতে একসঙ্গে বাইরে খাওয়াদাওয়া করব।’
এফডিসির ১ নম্বর ফ্লোরের রূপসজ্জা কক্ষে ঢুকতেই দেখা ওমর সানীর সঙ্গে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে। এবারের আসরে সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। সেই প্রসঙ্গ উঠতেই এই নায়ক বলেন, ‘খুব শিগগির প্যানেল ঘোষণা করব। তারপরই জোর প্রচারণা শুরু।’
এখানেই শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মৌসুমী। নতুন বছরের প্রথম দিনের পরিকল্পনা জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘বাসায় যেন উৎসবমুখর পরিবেশ থাকে, স্ত্রী ও মা হিসেবে সেই চেষ্টা করব। সকালে উঠেই রান্না করব। তার মধ্যে আছে ইলিশ মাছ ও চিংড়ি। মাছের ভর্তা আমার ছেলেমেয়ে দুজনেরই খুব পছন্দ, সেটাও করব।’
এফডিসির ভিআইপি প্রজেকশন মিলনায়তনে বিকেল চারটা থেকে শুটিং করছেন ভারতের কলকাতার নায়ক জিৎ। তিনি অভিনয় করছেন বস টু ছবিতে। ছবির নায়িকা নুসরাত ফারিয়াও ছিলেন। সব মিলিয়ে এফডিসিতে উৎসবের আমেজ।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন